বিএনপির সভায় আওয়ামী লীগ সভাপতির ‘জয় বাংলা’ স্লোগান

অবশ্যই পরুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দেওয়া ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে বিএনপির আয়োজিত ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে প্রকাশ্যে সমর্থনের ঘোষণা দেন মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চৌকিদার।

এ সময় ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়ল, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণ হাওলাদার, মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরদারসহ দুই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপির মনোনীত প্রার্থী অপুকে সমর্থন জানান বলে জানা গেছে।

সভায় বক্তব্য দিতে গিয়ে রফিকুল ইসলাম চৌকিদার বলেন, উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে হবে। তিনি দাবি করেন, অপু তারেক রহমান ও জিয়া পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং তিনি সংসদ সদস্য হলে ভেদরগঞ্জ উপজেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

এই স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

এ বিষয়ে জানতে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য বিএম মোস্তাফিজুর রহমান বলেন, দলের নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়ার আহ্বান জানানো হচ্ছে। কারা কোন দল করে, সেটি বড় বিষয় নয়। তারা ভোটার এটাই মুখ্য। নির্বাচনী প্রচারণায় কে কী বললো বা বললো না, সেটিকে দল গুরুত্ব দিয়ে দেখছে না বলেও তিনি মন্তব্য করেন।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ