রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

অবশ্যই পরুন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নুর কামাল (২৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়। নুর কামাল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি একই ক্যাম্পের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ক্যাম্পের আই-ব্লকে নুর কামাল গ্রুপ ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে নুর কামাল গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার (এডিআইজি) জানান, নিহত নুর কামাল ক্যাম্পের একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন এবং নিজের নেতৃত্বে একটি সশস্ত্র দল গড়ে তুলে ক্যাম্প ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তিনি আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে এপিবিএনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে জড়িতরা পালিয়ে যায়। ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়েক মাস ধরে ক্যাম্প এলাকায় তুলনামূলক শান্ত পরিবেশ বিরাজ করলেও এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কে থাকা সাধারণ রোহিঙ্গারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ক্যাম্পের মাঝি আবুল কালাম বলেন, গভীর রাতে গোলাগুলির শব্দে পুরো ব্লকে ভীতি ছড়িয়ে পড়ে। আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে চাই। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছি।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ