আজ ১০ জানুয়ারি—বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে দীর্ঘ নয় মাস পাকিস্তানের কারাবন্দিত্ব থেকে মুক্ত হয়ে তিনি সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতাসংগ্রামের বিজয় পূর্ণতা লাভ করে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। সেখানে তাঁকে কারাগারে আটক রাখা হয় এবং একটি প্রহসনমূলক বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার ষড়যন্ত্র করা হয়। এ সময় পুরো জাতি যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন বঙ্গবন্ধু পাকিস্তানের অন্ধকার কারাগারে ফাঁসির হুমকি নিয়ে দিন কাটাচ্ছিলেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এরপর বিশ্ব নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্তর্জাতিক অঙ্গনে চাপ সৃষ্টি করেন। সেই চাপের মুখে পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী অবশেষে তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৭২ সালের ৮ জানুয়ারি তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। মুক্তির পর তিনি প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে যান, পরে ভারতের রাজধানী নয়াদিল্লি হয়ে ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন।
