আলিপুর সেতুতে বোমাসদৃশ বস্তু, যৌথ বাহিনীর অভিযান

অবশ্যই পরুন

ফরিদপুর শহরের আলিপুর সেতুর ওপর থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, সেতুর ওপর রাখা খড়ির একটি গাদার ভেতরে সন্দেহজনক কিছু রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ভোর থেকেই এলাকাটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার সদস্যদের সমন্বয়ে তল্লাশি চালানো হয়।

অভিযানের সময় খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুল ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে টেপ দিয়ে প্যাঁচানো একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। নিরাপত্তাজনিত কারণে সেটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে কুমার নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে।

ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুটি পরীক্ষা করা হবে। এটি বিস্ফোরক হলে তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জননিরাপত্তার স্বার্থে বস্তুটি নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ সেটির কাছে যেতে পারবে না এবং আশপাশের এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।

ঘটনার পর থেকে আলিপুর সেতু ও সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ