নাটোরের সিংড়ায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবু রায়হান (৪৫)। তিনি সিংড়া উপজেলার হিজলি এলাকার বাসিন্দা ও অফিজ উদ্দিনের ছেলে। রায়হান ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন আবু রায়হান। পথিমধ্যে তাজপুর এলাকায় পৌঁছালে তাকে একা পেয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহানসহ রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রবিউল অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহত রায়হানকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান জানান, আহত ব্যক্তির দুই পায়ের গোড়ালি ভেঙে গেছে এবং বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
আহত আবু রায়হান অভিযোগ করে বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের কার্যালয় থেকে ফেরার পথে বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকেরা চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়েছে।
এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, ধানের শীষের প্রার্থীর লোকজন তার কর্মীর ওপর হামলা চালিয়েছে। তিনি আহত রায়হানকে দীর্ঘদিনের ত্যাগী নেতা উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগ প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এপি
