বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামতের সময় লাইনের ভেতরে পানি প্রবেশ করায় রাজধানী ঢাকায় গ্যাস সরবরাহে মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস গ্যাস জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে একটি বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে মেরামত কাজ সম্পন্ন করা হলেও সেই সময় পাইপলাইনের ভেতরে পানি ঢুকে পড়ে। এর ফলে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের সামগ্রিক সরবরাহ কমে যায় এবং স্বল্পচাপ পরিস্থিতি তৈরি হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, এই জটিলতা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় কারিগরি কাজ চলমান রয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে এবং সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
উল্লেখ্য, এর আগে বুড়িগঙ্গা নদীর তলদেশে গ্যাস পাইপলাইনে ফাটল দেখা দিলে রাজধানীর গাবতলী, মোহাম্মদপুর, আজিমপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সংকট দেখা দেয়। তখন ফাটলস্থলে বিশেষ ক্ল্যাম্প বসিয়ে লিক মেরামত করা হয়।
এদিকে তিতাস গ্যাস জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ায় উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় বৃহস্পতিবার রাত ৮টা থেকে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হয়েছে। তবে অন্যান্য এলাকায় গ্যাস স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে।
ন্যাশনিক্স/এলকে
