আজকের দিনে জাতির পিতার মুক্তির দিনে পূর্ণতা পায় বাংলাদেশের বিজয়

অবশ্যই পরুন

৮ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবময় দিন। এই দিনে, ১৯৭২ সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ নয় মাসের বেশি সময় মৃত্যুর আশঙ্কা নিয়ে বন্দিজীবন কাটানোর পর তার মুক্তির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলে সদ্য স্বাধীন বাংলাদেশের মানুষ।


১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর পাকিস্তানের বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়। কুর্মিটোলা ক্যান্টনমেন্ট থেকে করাচি, মিয়ানওয়ালি কারাগার হয়ে লায়ালপুর আদালত—পুরো মুক্তিযুদ্ধকাল তিনি কাটান বন্দিদশায়, প্রতিনিয়ত মৃত্যুর হুমকির মুখে।


১৬ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও জাতির জনক তখনও বন্দি ছিলেন। ফলে বিজয়ের আনন্দ ছিল অসম্পূর্ণ। অবশেষে আন্তর্জাতিক চাপ ও রাজনৈতিক বাস্তবতায় ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন।


মুক্তির পর তিনি লন্ডনে যান এবং সেখানে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন, পাকিস্তানের কারাগারের কনডেম সেলে ফাঁসির অপেক্ষায় থাকা অবস্থায়ই বাংলাদেশের জনগণ তাকে রাষ্ট্রপতি ঘোষণা করেছে।


১০ জানুয়ারি দিল্লি হয়ে তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেন। সেদিন লাখো মানুষের জনসমুদ্রে দাঁড়িয়ে আবেগাপ্লুত বঙ্গবন্ধু কান্নাভেজা কণ্ঠে জাতিকে দিকনির্দেশনা দেন। সেই দিনটি আজ “স্বদেশ প্রত্যাবর্তন দিবস” হিসেবে স্মরণীয়।


৮ জানুয়ারি তাই শুধু একজন নেতার মুক্তির দিন নয়—এটি বাঙালি জাতির আশা, আত্মবিশ্বাস ও পূর্ণ বিজয়ের পথে এগিয়ে যাওয়ার এক ঐতিহাসিক অধ্যায়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ