এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে এই কর্মসূচি কার্যকর থাকবে।
বুধবার (৭ জানুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।
এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবিগুলো তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। সে সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল থেকেই সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে ব্যবসায়ীদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, বৈঠকে দাবি মেনে নেওয়া হলে এলপিজি সরবরাহ পুনরায় চালু করা হবে। অন্যথায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে।
এদিকে হঠাৎ করে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণায় ভোক্তা পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না এলে রান্নার জ্বালানির সংকট তৈরি হতে পারে।
ন্যাশনিক্স/এলকে
