কেরানীগঞ্জ কারাগারে রাজবন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ

অবশ্যই পরুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বন্দিদের ২৪ ঘণ্টা লকআপে রাখা হচ্ছে এবং নিয়মিত খাবার ও পানি দেওয়া হচ্ছে না।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) কারাগার থেকে পাঠানো এক চিঠিতে এসব অভিযোগ করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক।

চিঠিতে উল্লেখ করা হয়, কারাগারের শাপলা, বনফুল ও সূর্যমুখী ভবনের প্রায় দুই হাজার বন্দির পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়েছে। বন্দিদের দাবি, কারা কর্তৃপক্ষ নিয়মিতভাবে জেল কোড লঙ্ঘন করছে এবং মৌলিক মানবিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, দীর্ঘ সময় লকআপে রাখার পাশাপাশি খাবার ও বিশুদ্ধ পানির ঘাটতির কারণে বন্দিরা শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন।

চিঠিতে তরিকুল ইসলাম লিখেন-

“কারা কর্তৃপক্ষ সম্পূর্ণ কারা আইন অমান্য করে গত ৩ জানুয়ারি, ২০২৬ থেকে অনির্দিষ্টকালের জন্য শাপলা, বনফুল ও সূর্যমুখী ভবনের প্রায় ১,৮০০ থেকে ২,০০০ জন হাজতিদের ২৪ ঘন্টা লকআপে রেখে বিভিন্ন ভাবে মানবতাবিরোধী অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। যেটা সম্পূর্ন কারা আইন বহির্ভূত অমানবিক কাজ। ১,৮০০ থেকে ২,০০০ হাজতিদের কারা কর্তৃপক্ষ নিয়মিত খাবার পানি ও অন্যান্য খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত করে অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে।

আপনাদের সকলের প্রতি আকুল আবেদন আমার এই বার্তাটি বাংলাদেশ সহ সকল আন্তর্জাতিক মানবতাবিরোধী সংস্থাকে অবগত করে আমার মতো ২,০০০ হাজতিদের এই নির্মম অত্যাচার থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।” 

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়নি কারা কর্তৃপক্ষ। 

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ