ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পরপরই একটি গ্রুপ বিএনপির ত্যাগী নেতাকর্মীদের লক্ষ্য করে এই হামলা চালায়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের অনুসারীরা এই হামলায় জড়িত।
অভিযোগ অনুযায়ী, সেন্টু কাজী, জামাল কাজী ও সুমন কাজীর নেতৃত্বে একটি দল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িসহ অন্তত ১০ থেকে ১২টি বিএনপি সমর্থিত বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়া হয় বলে ভুক্তভোগীরা জানান।
হামলার শিকার ব্যক্তিদের দাবি, অভিযুক্তরা কয়েকদিন আগেই আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে তারা পরিকল্পিতভাবে বিএনপির পুরোনো ও ত্যাগী নেতাকর্মীদের ওপর এই হামলা চালিয়েছে।
এই ঘটনার পর রামচন্দ্রপুর গ্রামসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
