বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর প্রেস সচিব হিসেবে সদ্য নিয়োগ পাওয়া ড. সালেহ শিবলীর পিএইচডি ডিগ্রি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে।
অনলাইনে প্রচারিত বিভিন্ন তথ্য অনুযায়ী, ড. সালেহ শিবলী যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ইন্টারনাশনাল ইউনিভার্সিটি অফ আমেরিকা নামের একটি প্রতিষ্ঠানের শাখা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করা হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশের অনুসন্ধানে দাবি করা হয়েছে, উক্ত বিশ্ববিদ্যালয়টির কোনো স্বতন্ত্র উইকিপিডিয়া পেজ নেই এবং এটি কিউএস (QS) বা অন্যান্য আন্তর্জাতিক স্বীকৃত র্যাংকিং সংস্থার তালিকাতেও পাওয়া যায় না।
এ ছাড়া অনলাইনে পাওয়া তথ্যে আরও বলা হচ্ছে, প্রতিষ্ঠানটির প্রদত্ত ডিগ্রি যুক্তরাজ্যে স্বীকৃত নয়
—এমন দাবিও বিভিন্ন ওয়েবসাইট ও আলোচনায় উঠে এসেছে। পাশাপাশি ড. সালেহ শিবলীর পিএইচডি গবেষণা সংক্রান্ত কোনো জার্নাল প্রকাশনা বা একাডেমিক ডাটাবেজে নিবন্ধিত তথ্যও পাওয়া যায়নি বলে দাবি করছেন অনেকে।
বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ওয়েবসাইটে ডিগ্রি প্রোগ্রাম, একাডেমিক কাঠামো বা শিক্ষকবৃন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য সীমিত হওয়ায় এসব প্রশ্ন আরও জোরালো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে অনেকে বলছেন, ড. সালেহ শিবলী একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করলেও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্বচ্ছতা থাকা জরুরি। তবে এ বিষয়ে ড. সালেহ শিবলী বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. সালেহ শিবলীকে তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়। তিনি এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি–এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ন্যাশনিক্স/এলকে
