আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী কারামুক্ত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
চাঁদাবাজির একটি মামলায় এর আগে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করলেও কয়েক ঘণ্টার মধ্যেই সেই আদেশ বাতিল হয়। দায়রা জজ আদালত বয়স ও সার্বিক বিষয় বিবেচনায় চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
সুরভীর আইনজীবী জানান, রিমান্ড আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হলে আদালত শুনানি শেষে রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন। এর ফলে তিনি তাৎক্ষণিকভাবে মুক্তি পান।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে যৌথবাহিনীর অভিযানে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়।
সুরভীর বয়স নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়। তার সমর্থকদের দাবি, তিনি অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তা গোপন রেখে গ্রেপ্তার ও রিমান্ড দেওয়া হয়েছে। এ দাবির প্রেক্ষিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন জুলাইযোদ্ধারা।
পুলিশ জানিয়েছে, বয়স সংক্রান্ত তথ্য যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে সুরভীর মুক্তিতে তার সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ন্যাশনিক্স/এলকে
