দ্বিতীয় শ্রেণিতে দ্বিতীয়, তবু তৃতীয় শ্রেণিতে যাওয়া হলো না আয়েশার

অবশ্যই পরুন

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতি (৮)। এবছর তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিল তার। সদ্য অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় রোল ২২ থেকে দ্বিতীয় স্থান অর্জন করলেও সেই সাফল্য আর দেখা হলো না ছোট্ট আয়েশার।


স্থানীয় ফাইভ স্টার স্কুলের শিক্ষকরা জানান, আয়েশা ছিল অত্যন্ত মেধাবী ও নিয়মিত শিক্ষার্থী। দ্বিতীয় শ্রেণিতে রোল ছিল ২২, তৃতীয় শ্রেণিতে তার রোল নির্ধারিত হয়েছিল ২। কিন্তু নতুন শ্রেণিকক্ষে ‘প্রেজেন্ট স্যার’ বলা আর হলো না তার। ফলাফল প্রকাশের পর শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের চোখে নেমে আসে অশ্রু।
গত ১৯ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। আগুনে ঘটনাস্থলেই মারা যায় আয়েশা। তার বড় বোন সালমা আক্তার স্মৃতি (১৮) শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ডিসেম্বর মারা যান।


একই আগুনে দুই মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ বাবা বেলাল হোসেন বলেন,
“ফলাফল দিয়ে এখন আমি কী করবো? আমার দুইটা সন্তান একসঙ্গে আগুনে পুড়ে মারা গেছে।”
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত চলছে, তবে এখনো কাউকে আটক করা যায়নি।


এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেধাবী আয়েশার সাফল্যের খবরে যেখানে আনন্দ ছড়ানোর কথা ছিল, সেখানে আজ শুধু কান্না আর শূন্যতা।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ