গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাহরিমা জান্নাত ওরফে সুরভী (২১) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়। গত ২৪ ডিসেম্বর রাতে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাহরিমা জান্নাত ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। সাম্প্রতিক জুলাই আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিতেন। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, এই পরিচয়ের আড়ালে তিনি চাঁদাবাজি, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেলিং কার্যক্রমে জড়িত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তাহরিমা জান্নাত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটি করেন সাংবাদিক নাইমুর রহমান (দুর্জয়)। মামলায় অভিযোগ করা হয়, অর্থ আদায়ের উদ্দেশ্যে তাঁকে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্ল্যাকমেল করা হয়েছে। এছাড়া তাহরিমার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে।
জানা গেছে, তাহরিমা জান্নাত একসময় পতিতাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। জুলাই–আগস্টের আন্দোলনের সময় ও পরবর্তীতে বিভিন্ন কলেজের ইউনিফর্ম পরিধান করে এবং ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বিভিন্ন আন্দোলনে অংশ নেন তিনি। এসব কর্মসূচিতে বিতর্কিত ও কুৎসিত বক্তব্য দিয়ে তিনি একাধিকবার সমালোচনার মুখে পড়েন।
আরও অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন নেতা তাঁকে আশ্রয় দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন। তাঁদের সহযোগিতায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা ও সরকারি কর্মচারীদের ফাঁদে ফেলে (হ্যানিট্রাপ) চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হতো।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বশির আহমেদ (অপু) বলেন, “তাহরিমা জান্নাত সুরভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলনে তাঁকে আমাদের সঙ্গে দেখা গেছে। তবে তিনি আমাদের কোনো কমিটির সদস্য নন।”
তিনি আরও বলেন, “কোনো মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার হয়ে থাকলে সেখানে আমাদের কোনো আপত্তি নেই।”
এদিকে তাহরিমা জান্নাতের গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন কীভাবে একজন বিতর্কিত অতীতের ব্যক্তি ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে আন্দোলনের ভেতরে সক্রিয় হয়ে উঠলেন এবং কারা তাঁকে ব্যবহার করার সুযোগ করে দিল।
ন্যাশনিক্স/এ
