জানুয়ারি মাসে দেশে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানায়, জানুয়ারিতে ২–৩টি মৃদু (৮–১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬–৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ১–২টি মাঝারি থেকে তীব্র (৪–৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে।
এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। অন্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কখনো কখনো এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে।
কৃষি আবহাওয়া বিভাগ জানায়, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ১ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩ ঘণ্টা ৫০ মিনিট থেকে ৫ ঘণ্টা ৫০ মিনিটের মধ্যে থাকতে পারে।
