ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা–এর মনোনয়নপত্র বাতিল করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ইসি এ সিদ্ধান্ত জানায়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও ইসি তা গ্রহণ করেনি। ইতোমধ্যে আপিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
ইসি মনোনয়নপত্র বাতিলের কারণ ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুযায়ী ভোটারের এক শতাংশ সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষর জমা দেওয়া হলেও দৈবচয়নের মাধ্যমে যাচাই করা ১০ জনের মধ্যে দুজনের ক্ষেত্রে সমস্যা পাওয়া যায়। ইসি জানায়, ওই দুজন ঢাকা-৯ আসনের ভোটার নন।
তিনি আরও বলেন, একজন স্বাক্ষরদাতার পক্ষে জানার কোনো সুযোগ ছিল না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। অন্য একজনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কাগজপত্র অনুযায়ী তিনি নিজেকে ঢাকা-৯–এর ভোটার মনে করলেও ইসির তথ্য অনুযায়ী তিনি এ আসনের ভোটার নন।
এর আগে গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার ভোটারদের উদ্দেশে নিজেকে ওই এলাকার সন্তান হিসেবে তুলে ধরে সংসদে গিয়ে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।
ন্যাশনিক্স/এলকে
