মেহেরপুরে বোমা ফাটিয়ে বিকাশ দোকান থেকে ২ লাখ টাকা ছিনতাই

অবশ্যই পরুন

মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি বিকাশ দোকান থেকে নগদ দুই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোকান মালিক নাহিদ হাসান আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে তেরোঘরিয়া গ্রামের মোবাইল টাওয়ারসংলগ্ন এমএস টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স দোকানে এ ঘটনা ঘটে। নাহিদ হাসান ওই গ্রামের বেগা শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোকান বন্ধ করার সময় তিনজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে নাহিদ হাসানকে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা ব্যাগ থেকে নগদ ও বিকাশ লেনদেনের মোট দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা রামদা দিয়ে আঘাত করে এবং পালানোর সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে নাহিদের হাতে আঘাত লাগে।

আহত নাহিদ হাসান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী তাকে আক্রমণ করে টাকা ছিনিয়ে নেয়। ককটেল বিস্ফোরণের ফলে তিনি আহত হন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ