বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মৃত্যু দেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
শোকবার্তায় শেখ হাসিনা আরও বলেন, তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছেন। পাশাপাশি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি দেন।
উল্লেখ্য, মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর।
