বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলা যাবে না।
শনিবার সাতাশ ডিসেম্বর দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এর সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত জটিল একটি সময় অতিক্রম করছেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিনি যদি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলে ভালো কিছুর আশা করা যেতে পারে।
ডা. জাহিদ হোসেন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার হাসপাতালে আসেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীদের চিকিৎসা যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ কারণে তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ ও অনুরোধ করেছেন যেন কোনো ধরনের অতিউৎসাহী কার্যক্রমে জড়ানো না হয় এবং হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রাখা হয়।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের সর্বোচ্চ দক্ষতা দিয়ে দায়িত্ব পালন করছেন। তার সুস্থতার জন্য তারা মহান আল্লাহর কাছে দোয়া কামনা করছেন। একই সঙ্গে দেশবাসীর কাছেও দোয়ার আবেদন জানানো হয়েছে, বিশেষ করে তার পরিবারের পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া গত তেইশ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সে কারণে প্রথমে তাকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে শনিবার রাত নয়টা চল্লিশ মিনিটের দিকে তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে যান। সেখানে তারা মেডিক্যাল বোর্ডের সঙ্গে বৈঠক করেন। রাত বারোটার দিকে তারা বাসায় ফিরে যান।
ন্যাশনিক্স/এলকে
