মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছাত্রলীগের এক সাবেক নেতার পরিবারের সদস্যদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, এ হামলায় জামায়াত–শিবিরের নেতাকর্মীরা জড়িত। ঘটনায় দুই সহোদর নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও তাঁর ছোট ভাই আব্দুল কাইয়ুম (৪৮)। গুরুতর আহত ব্যক্তি হলেন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন (৪৫)। নিহত জামাল ও কাইয়ুম আপন ভাই।
নিহত জামাল উদ্দিন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত–শিবিরের কয়েকজন নেতাকর্মী ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুমের মৃত্যু হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত দুজনকেই মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনের প্রকৃত কারণ কী তা উদঘাটনে আমরা একাধিক বিষয় নিয়ে তদন্ত করছি।”
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
