২১ ডিসেম্বর আজ রোববার। এ দিনটি বছরের সবচেয়ে দীর্ঘ রাত হিসেবে পরিচিত। আজ রাতে অন্য দিনের তুলনায় সময়টা একটু বেশি পাওয়া যাবে। কেউ চাইলে এই দীর্ঘ রাতে বই পড়তে পারেন, সিনেমা দেখতে পারেন বা ঘুমপ্রিয় হলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় ঘুমিয়ে নিতে পারেন। কারণ আজ রাতটি সত্যিই অন্যান্য রাতের তুলনায় দীর্ঘ।
আগামীকাল সোমবার হবে বছরের সবচেয়ে ছোট দিন। এই ঘটনা ঘটবে উত্তর গোলার্ধের দেশগুলোতে। তবে দক্ষিণ গোলার্ধে একই সময়ে ঠিক উল্টো পরিস্থিতি থাকবে। সেখানে তখন হবে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত।
২১ ডিসেম্বর দীর্ঘতম রাত হওয়ার মূল কারণ সূর্যের অবস্থান পরিবর্তন। এই দিন সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। পৃথিবীর অক্ষ হেলে থাকার কারণে উত্তর গোলার্ধ সূর্য থেকে তুলনামূলকভাবে দূরে সরে যায়। এর ফলেই সেখানে সূর্যের আলো কম পড়ে এবং রাত দীর্ঘ হয়।
ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে। একই সময়ে উত্তর গোলার্ধ সূর্য থেকে কিছুটা দূরে সরে যায়। এর ফলে উত্তর গোলার্ধে সূর্যের আলো দুর্বল হয়ে পড়ে এবং শীতকাল অনুভূত হয়। দিনের আলো দ্রুত শেষ হয়ে আসে এবং রাত দীর্ঘ হয়ে যায়।
এই দিনটিকে বলা হয় উইন্টার সলসটিস। এ সময় উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম রাত এবং দক্ষিণ গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘ দিন দেখা যায়। ঋতু পরিবর্তনের সঙ্গে দিন ও রাতের এই তারতম্য স্বাভাবিকভাবেই ঘটে।
