রাজধানীর হাজারীবাগে একটি নারী হোস্টেল থেকে ধানমণ্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমী (৩২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে জিগাতলার জান্নাত নারী হোস্টেলের একটি ভবনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জান্নাত আরা রুমীর বাবার নাম মো. জাকির হোসেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি এনসিপির ধানমণ্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন।
হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় এক বৃদ্ধা নারীকে মারধরের একটি ঘটনায় আলোচনায় আসেন এনসিপির এই নেত্রী।
ন্যাশনিক্স/একেএ
