ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ ইউনিটি ফোরামের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটির আয়োজক ছিলেন প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান। তিনি জানান, গত রাতে পার্লামেন্টে বাংলাদেশ ইউনিটি ফোরামের এই বৈঠক আয়োজন করতে পেরে তিনি সন্তুষ্ট।
সভায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন হলে তা গণতান্ত্রিক মানদণ্ড পূরণ করে না বলেও সভায় মত প্রকাশ করা হয়।
এছাড়া সভায় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের প্রয়োজনীয়তার কথা বলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান সম্ভব হবে।
ন্যাশনিক্স/একেএ
