ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে তৈরি করেছে একটি ব্যতিক্রমী বিজয় দিবসের দেয়ালচিত্র। হল গেইটের সামনে লাল-সবুজের বিজয়ী বাংলাদেশের পতাকা আঁকা হয়েছে, আর তার ঠিক নিচে মাটিতে আঁকা হয়েছে ১৯৭১-এ পরাজিত পাকিস্তানের পতাকা।
শিক্ষার্থীরা জানান, তারা প্রতিদিন এই পরাজিত পাকিস্তানের পতাকার উপর দিয়ে হেঁটে হলে প্রবেশ ও বের হবেন যা একাত্তরের বিজয় ও পরাজয়ের প্রতীকী স্মারক হিসেবে দাঁড়াবে। দেয়ালচিত্রের মধ্যে লেখা হয়েছে: “No Compromise with Rajakar”।
শিক্ষার্থীদের মতে, সাম্প্রতিক সময়গুলোতে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, শহীদদের আত্মত্যাগ এবং একাত্তরের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার যেসব প্রচেষ্টা দেখা যাচ্ছে, এসবের প্রতিবাদ হিসেবেই তাদের এই উদ্যোগ। তারা বলেন, “রাজাকারের বাচ্চারা যতই একাত্তরকে অপ্রাসঙ্গিক করতে চাইবে একাত্তর ততই প্রাসঙ্গিক হয়ে উঠবে।”
বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণ ক্যাম্পাসে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে তরুণদের দেশপ্রেম, ইতিহাসচেতনা ও মৌলবাদবিরোধী অবস্থানের শক্ত বার্তা হিসেবে দেখছেন।
ন্যাশনিক্স/একেএ
