জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় গুরুতর আহত হয়ে এক হাত হারানো যুবক আতিকুল গাজী বিএনপির প্রতি নিজের সমর্থন জানিয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতি তার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে এবং ভবিষ্যতে এই দলের সঙ্গে থেকে কাজ করার ইচ্ছা রয়েছে।
২০১৯-২০ সাল থেকে বিএনপির কর্মকাণ্ড ও রাজনৈতিক ইতিহাস অনুসরণ করে আসছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময়ের রাজনীতি সম্পর্কে জানতে পারার পর থেকেই তিনি মনে করেন, দেশের সংকটময় সময়ে বিএনপির রাজনৈতিক অবস্থান তুলনামূলকভাবে ইতিবাচক। সেই ধারাবাহিকতায় ছোটবেলা থেকেই দলটির প্রতি তার সমর্থন তৈরি হয়েছে।
জুলাই আন্দোলনের পরবর্তী সময়ের রাজনৈতিক বাস্তবতায় তিনি প্রকাশ্যে অবস্থান জানাতে দ্বিধায় ছিলেন বলে জানান আতিকুল। তবে সাম্প্রতিক সময়ে বিএনপি তার পূর্বের রাজনৈতিক ধারায় ফিরে আসার চেষ্টা করছে বলে তিনি মনে করেন। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে তিনি বিএনপির পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
