জাতীয় টেলিভিশনের একটি সরাসরি আলোচনায় অভূতপূর্ব অসৌজন্যমূলক ঘটনার জন্ম দিলেন জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। যমুনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘রাজনীতি’ তে তিনি আচমকা রাগান্বিত হয়ে নিজের অবস্থানকে ‘ঈশ্বরের মতো সম্মানযোগ্য’ বলে দাবি করেন এবং অনুষ্ঠান উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোলের প্রতি অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করেন।
বিতর্কের সূচনা হয় বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর পূর্বের একটি মন্তব্য তুলে ধরায়। যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়ার বদলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং লাইভ চলাকালীন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উপস্থাপিকার দিকে আঙুল তুলে তীক্ষ্ণ সুরে কথা বলতে থাকেন।
স্টুডিও শিষ্টাচার অমান্য করে তিনি বলেন,
“আমরা যেহেতু অতিথি, আর অতিথি মানে তো ভগবান। ভগবানকে সম্মান করতেই হবে।”
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, ধর্মভিত্তিক রাজনীতির একজন নেতার মুখে এ ধরনের দাবি শুধু অহংকারই নয়, ধর্মীয় অনুভূতিও আঘাত করতে পারে।
এতে থেমে না থেকে তিনি উপস্থাপিকাকে ইঙ্গিত করে ইংরেজিতে উচ্চস্বরে বলেন, “আমি আপনার দাস নই।”
উপস্থাপিকা বারবার শান্ত, ভদ্র ও নিয়মের ভেতরে থাকার অনুরোধ জানালেও তিনি অনুষ্ঠান পরিচালনার কর্তৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর আচরণে পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনলাইনে তীব্র সমালোচনা চলছে। নেটিজেনদের ভাষ্য রাজনৈতিক মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু প্রকাশ্যে একজন নারী উপস্থাপিকাকে দাঁড়িয়ে অবস্থান নিয়ে ভয় দেখানো, এবং নিজের মর্যাদা বাড়াতে ‘ঈশ্বর’ শব্দ ব্যবহার করা সুস্থ রাজনৈতিক আচরণের উদাহরণ নয়। অনেকেই এটিকে রাজনৈতিক সংস্কৃতির গভীর অধঃপতন হিসেবে দেখছেন।
ন্যাশনিক্স/একেএ
