এয়ারক্রাফট ত্রুটি ও স্বাস্থ্যঝুঁকি রোববারেও প্রশ্নের মুখে খালেদা জিয়ার লন্ডন যাত্রা

অবশ্যই পরুন

কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি তার লন্ডন যাত্রায় নতুন বাধা তৈরি করেছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বৃহস্পতিবার রাত থেকে ভালো নয়। এ ছাড়া এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারছে না। ফলে যাত্রার তারিখ পিছিয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে, এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়া হবে।

বিএনপির মিডিয়া সেলও জানিয়েছে, এয়ারক্রাফটের প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইটটি শুক্রবার ঢাকায় আসতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক থাকলে খালেদা জিয়াকে ৭ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দলীয় এক নেতা জানিয়েছেন, জোবাইদা রহমান খালেদা জিয়ার সঙ্গে একই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে ফিরবেন।

খালেদা জিয়ার সঙ্গে যাত্রা করবেন মেডিকেল বোর্ডের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক—ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মো. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন। তাদের সঙ্গে থাকবেন পরিবার ও দলের ঘনিষ্ঠ কয়েকজন এবং এসএসএফের দুই সদস্যও।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি সমস্যা এবং ফুসফুসের সংক্রমণে ভুগছেন। গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালাচ্ছে। চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরাও সম্প্রতি বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের পরামর্শেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ