দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে ৩০–৩৫ টাকা বৃদ্ধি

অবশ্যই পরুন

রাজধানীর বাজারে হঠাৎ করে পেঁয়াজের দামে তীব্র উর্ধ্বগতি দেখা দিয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের কেজিপ্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।

শুক্রবার (৫ ডিসেম্বর) রায়েরবাজার সাদেক খান কৃষি বাজার, ধানমন্ডি ও মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা গেছে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ছোট আকারে ১৩৮ টাকা এবং বড় আকারে ১৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে একই পেঁয়াজের দাম ১৫০ থেকে ১৬০ টাকার মধ্যে উঠানামা করছে।

পাইকারি বিক্রেতারা জানান, সরবরাহ কমে যাওয়ায় পুরোনো পেঁয়াজের বাজারে চাপ তৈরি হয়েছে। রায়েরবাজারের আড়তদার রফিক মিয়া বলেন, “দুই দিন ধরেই পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। বুধবার যেটা ১১০–১১৫ টাকায় বিক্রি হয়েছে, আজ সেটাই ১৩৮–১৪৫ টাকা।”

আরেক আড়তদার জানান, পাইকারি হাটে প্রতি মণ পেঁয়াজ ৫৮০০–৬০০০ টাকায় বিক্রি হচ্ছে, যা খুচরা পর্যায়ের দাম বৃদ্ধির মূল কারণ।

ব্যবসায়ীরা মনে করছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি মিললে বাজার কিছুটা স্বস্তি পেতে পারে। তাদের দাবি, ভারত ইতোমধ্যে বন্দর এলাকায় পেঁয়াজ নিয়ে এসেছে, শুধু অনুমতি পেলেই আমদানি শুরু হবে।

এদিকে বাজারে অল্প পরিমাণে পাতাসহ নতুন পেঁয়াজ উঠলেও তা দিয়ে বাজারের চাপ সামাল দেওয়া যাচ্ছে না। নতুন পেঁয়াজ ৭০–৮০ টাকা কেজিতে পাওয়া গেলেও পুরোনো পেঁয়াজের উচ্চমূল্য ক্রেতাদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।

খুচরা ক্রেতারা বলছেন, এক সপ্তাহেই পেঁয়াজের দাম ৪০ টাকার বেশি বেড়ে যাওয়ায় তাদের দৈনন্দিন বাজার খরচে চাপ পড়ছে। এক ক্রেতা বলেন, “গত সপ্তাহে ১১৫ টাকায় কিনেছি, আজ ১৫৫ টাকা। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আরও সমস্যা হবে।”

সরকারি পর্যায়ে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় বাজার নিয়ন্ত্রণে ৫০০ টন পেঁয়াজ আমদানি করতে চাইলেও কৃষি মন্ত্রণালয় তাতে আপত্তি জানায়। কৃষি মন্ত্রণালয়ের দাবি ছিল নভেম্বরের মাঝামাঝিতে নতুন পেঁয়াজ বাজারে আসবে। কিন্তু প্রত্যাশিত সরবরাহ না থাকায় বাজার এখন আবার অস্থির হয়ে পড়েছে।

ন্যাশনিক্স/এপি 

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ