যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি–৩০২ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গতকাল বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে তার আগমনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং পরে চিকিৎসা–সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এয়ারক্রাফটটি আজ ঢাকায় আসছে না। ফলে খালেদা জিয়ার বিদেশ যাত্রা কিছুটা বিলম্ব হচ্ছে।
তিনি বলেন, “শারীরিক অবস্থা উপযুক্ত হলে এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে খালেদা জিয়া আগামী রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন।”
ন্যাশনিক্স/এজে
