টেকনাফে চার শিশু অপহরণ: পাঁচ দিনেও উদ্ধার হয়নি

অবশ্যই পরুন

অপহৃত চার শিশু- মামুন (১৭), আনোয়ার (১৪), গিয়াস (১৫) ও আবু বক্কর ছিদ্দিক (১৩) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩০ নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় পাহাড় থেকে নেমে আসা সশস্ত্র দুর্বৃত্তরা ছয় কিশোরকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। দুজন পালিয়ে এলেও চারজনের এখনো সন্ধান মেলেনি।

অপহৃত আনোয়ারের বাবা আবুল হাসেম জানান, ঘটনার চার দিন পর বুধবার তার মোবাইলে কল করে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। একইভাবে অন্য পরিবারের কাছেও দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।

বাহারছড়ার ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাফেজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃতদের পরিবারকে নিয়মিত ফোন করে টাকা দিতে চাপ দিচ্ছে দুর্বৃত্তরা। ফলে গ্রামজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে স্থানীয়রা টেকনাফ–মেরিন ড্রাইভ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন। তারা পাহাড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান এবং শিশুদের দ্রুত উদ্ধারের দাবি তোলে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, মুক্তিপণ দাবির বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, শিশুদের উদ্ধারে দিন-রাত পাহাড়ে অভিযান চলছে; প্রয়োজন হলে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, চার শিশুকে উদ্ধারে বিশেষ টাস্কফোর্স কাজ শুরু করেছে এবং অপহরণকারীদের গ্রেপ্তারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ