বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা এ তথ্য জানিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের সম্মতি ছাড়া এভাবে দাম বাড়ানো আইনসম্মত নয়, এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাণিজ্য উপদেষ্টা জানান, সরকার ব্যবসায়ীদের কাছ থেকে বাজারদরের চেয়ে ২০ টাকা কম দামে তেল কিনেছে, অথচ তারা বাজারে উল্টো ২০ টাকা বাড়িয়ে বিক্রি করছে। তিনি বলেন, “দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে আলোচনা হতে পারে, কিন্তু অযৌক্তিক সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় মেনে নেবে না।” শিগগিরই ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম ৯ টাকা বাড়ানো আইন লঙ্ঘনের শামিল, এতে ভোক্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বাজার মনিটরিং এখনও যথাযথভাবে হচ্ছে না।
