শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মাসেতু নির্মাণে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করায় খবির খান নামে একজন স্থানীয় মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। শনিবার গভীর রাতে মনাই ছৈয়াল কান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি জাজিরা উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত।
এর আগে স্থানীয় ছাত্রলীগ নেতা বাধন মাদবরের উদ্যোগে ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরোনামের পোস্টার সাঁটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে খবির খানকে বলতে শোনা যায়, “শেখ হাসিনা আমাদের জন্য পদ্মাসেতু করে দিয়েছে, তার কৃতজ্ঞতা প্রকাশ না করলে তা বেইমানি হবে।”
ভিডিওটি ভাইরাল হলে এলাকায় নানা আলোচনা তৈরি হয়। ঘটনার পর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয়দের কেউ কেউ এটিকে অযৌক্তিক অভিযান বলে মন্তব্য করেছেন।
জাজিরা থানার ওসি মুহাম্মদ মাইনুল ইসলাম জানান, খবির খানের দোকানে শেখ হাসিনার পোস্টার পাওয়া গেছে। তাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ন্যাশনিক্স/এজে
