বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যেই তাকে দেশের ভোটার নন বলে তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ জানান, চাইলে নির্বাচন কমিশন যেকোনো সময় তাকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে।
ইসি সচিব বলেন, তারেক রহমান বর্তমানে দেশের ভোটার তালিকায় নেই। তবে কমিশন প্রয়োজন মনে করলে তাকে ভোটার বানানো সম্ভব।
২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক রহমান। একই বছরের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন তিনি এবং তখন থেকেই সেখানেই অবস্থান করছেন।
এদিন সচিব আরও জানান, প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রে নাম, পেশা, ঠিকানা ও বাবা–মায়ের নামসহ সাতটি তথ্য আপাতত পরিবর্তন করা যাবে না।
