নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামে আজিমউদ্দিন নামের স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে এক মধ্যবয়সী ভিক্ষুক নারীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী নারী, যিনি শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী এবং ছয় মাস আগে স্বামীকে হারিয়েছেন, জীবিকার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতেন। তিনি অভিযোগ করেন, গত মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে গ্রামের মৃত আছমত আলীর ছেলে আজিমউদ্দিন তার টিনের ঘরে প্রবেশ করে কথার ছলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে আচমকাই তাকে জোর করে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকার শুনে পাশের লোকজন এগিয়ে এলে আজিমউদ্দিন সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর গ্রামবাসীকে অবহিত করলে সোনারগাঁ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা বিষয়টি মীমাংসার আশ্বাস দেন বলে অভিযোগ রয়েছে। চার দিন ধরে তিনি বিচার করার কথা বললেও কার্যত কোনো ব্যবস্থা নেননি বলে দাবি ভুক্তভোগীর। হতাশ হয়ে তিনি গত শনিবার রাতে সোনারগাঁ থানে লিখিত অভিযোগ দাখিল করেন।
ঘটনা প্রকাশের পর থেকে অভিযুক্ত আজিমউদ্দিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং সে পলাতক রয়েছে।
এ বিষয়ে ছাত্রদল নেতা সোহেল রানা বলেন, “আজিম আমাদের এলাকার লোক এবং দলের কর্মী। তবে ঘটনা ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং ওই নারীকে থানায় নিয়ে গেছে।”
অভিযুক্ত আজিমউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়, এবং পাঠানো বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ একাধিক স্থানে অভিযান চালাচ্ছে।
ন্যাশনিক্স/একেএ
