ঢাকার বাংলাদেশ সচিবালয় স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মেট্রোরেলের ছাদে হঠাৎ দুই ব্যক্তি উঠে পড়ার ঘটনা ঘটেছে। রোববার রাতের এ ঘটনার পরই নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ পরিচালক আহসান উল্লাহ শরীফী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সচিবালয় স্টেশনে ট্রেন অপেক্ষা করছিল ঠিক সেই সময় ছাদে দুইজনকে দেখা যায়। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় সঙ্গে সঙ্গে চলাচল বন্ধ করা হয়।
ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, ছাদে ব্যক্তির উপস্থিতির কারণে বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
