মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় সপ্তম চীন মৈত্রী সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলচালকদের টোল দিতে বলা হলে অজ্ঞাত কয়েকজন যুবক হঠাৎই হামলা চালায়। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঘটে এ ঘটনাটি।
স্থানীয় সূত্র জানান, মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়ার পর টোল আদায়কারী কর্মীরা নিয়মমতো টোল চাইলে যুবকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরই ওই যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে টোল আদায়কারী প্রতিষ্ঠানের অফিসে ঢুকে ফার্নিচার ভাঙচুর করে এবং কর্মীদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে তিনজন কর্মী আহত হন।
খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি মো. আদিল হোসেন জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক। টোল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।
