জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এনইআইআর নীতির সংস্কার দাবিতে আগামী রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আসলাম। তিনি জানান, বর্তমান নীতির কারণে মোবাইল ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন এবং বাজারে একচেটিয়া সিন্ডিকেটের প্রভাব বাড়ছে।
সংগঠনটির পক্ষ থেকে একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, মোবাইল ফোন আমদানিতে ন্যায্য কর কাঠামো এবং আমদানি ব্যবস্থায় উন্মুক্ত সুযোগ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। এসব দাবিকে সামনে রেখে তারা শান্তিপূর্ণ আন্দোলনের সিদ্ধান্ত নেয়।
ঘোষণা অনুযায়ী, রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় এমবিসিবির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই দিন সারা দেশের সব মোবাইল ফোনের দোকান সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
