মহারাষ্ট্রের জনপ্রিয় তামাশা শিল্পী বীথাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকারের বায়োপিক ‘এথা’-র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শ্রদ্ধা কাপুর। মাসখানেক ধরে কঠোর প্রস্তুতি নিয়ে বীথাবাঈয়ের চরিত্রে ঢুকে পড়েছেন তিনি। তবে ছবির সেটেই ঘটে গেল বড় ধরনের বিপত্তি নাচের দৃশ্য অনুশীলন করতে গিয়ে গুরুতর চোট পেলেন অভিনেত্রী।
পরিচালক লক্ষ্মণ উতরেকর গত সপ্তাহে শুটিং শুরু করেছিলেন। কয়েকদিন সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎই সমস্যা দেখা দেয়। জানা যায়, শ্রদ্ধা তখন নারায়ণগাঁওকারের বিখ্যাত লোকনৃত্য ‘লাবণী’ স্টাইলে নাচের স্টেপ প্র্যাকটিস করছিলেন। এই নৃত্যশৈলীতে ছন্দের সঙ্গে দ্রুত গতিতে নড়াচড়া করতে হয়। ঠিক সেই সময় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে তাঁর বাঁ পায়ের আঙুল ভেঙে যায়।
শুটিংয়ের সময় শ্রদ্ধার পরনে ছিল ভারী নওভারী শাড়ি, গা ভর্তি গয়না এবং বড় আকৃতির কোমরবন্ধ। এই ভারী পোশাকেই তাঁকে ঢোলের তালে দ্রুত নাচতে হচ্ছিল। চরিত্রের প্রয়োজনে অভিনেত্রী নিজের চেহারায়ও বড় পরিবর্তন এনেছেন প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। এক পায়ে ভর করে লাবণীর নাচ অনুশীলনের মাঝেই ঘটে দুর্ঘটনা।
ঘটনার পরপরই শুটিং বন্ধ করে দেন পরিচালক। এদিকে ২৫২ কোটির মাদক মামলায় শ্রদ্ধার ভাইয়ের ডাক পড়েছ এমন পরিস্থিতিতেই শারীরিক আঘাত নিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী।
ন্যাশনিক্স/এপি
