নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে বিরোধ তীব্র হওয়ায় মনোনয়নবঞ্চিত এবং মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ওছখালী বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন, পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। পরবর্তীতে পুলিশ ও নৌবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, বিকেল থেকেই জিরো পয়েন্টের এক পাশে জড়ো হন বিএনপির মনোনয়নবঞ্চিত সাবেক এমপি ফজলুল আজিমের সমর্থকরা। অপর পাশে অবস্থান নেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের অনুসারীরা। সন্ধ্যার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কয়েকজন আহত হন বলে জানায় দুই পক্ষই।
মাহবুবের রহমান শামীমের নির্বাচনি প্রচারণা টিমের দায়িত্বে থাকা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন,
“আমরা ধানের শীষের প্রচারণায় ছিলাম। জিরো পয়েন্টে গেলে আজিমপক্ষ উসকানিমূলক স্লোগান দিয়ে হামলা চালায়। আমাদের কয়েকজন আহত হয়েছে। পরে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।”
অন্যদিকে ফজলুল আজিমের পক্ষের অনুসারী সাবেক পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো দাবি করেন,
“মশালমিছিলের প্রস্তুতির সময় শামীমপক্ষ হামলা চালায়। আমাদেরও কয়েকজন কর্মী আহত হয়। এরপর আমরা বিক্ষোভ ও মশালমিছিল করি।”
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান,
“দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার কথা শুনেছি। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। হতাহতের বিষয়েও নিশ্চিত তথ্য পাইনি।”
সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ন্যাশনিক্স/এপি
