৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ

অবশ্যই পরুন

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার এলাকায় আগুন জ্বালিয়ে শুরু হওয়া এই অবরোধ রাত সাড়ে ৮টা পর্যন্ত চলার কারণে রাজশাহী-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা রুটে চারটি ট্রেন সম্পূর্ণভাবে আটকে পড়ে।

রেললাইন অবরোধের ফলে তিন হাজারেরও বেশি যাত্রী বিভিন্ন স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রয়েছেন। আন্তঃনগর বনলতা এক্সপ্রেস হরিয়ান স্টেশনে থেমে আছে প্রায় এক হাজার যাত্রী নিয়ে, আর পদ্মা এক্সপ্রেস রাজশাহী স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। একইভাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা রহনপুর কমিউটার শীতলাই স্টেশনে আটকা রয়েছে প্রায় ৬০০ যাত্রীসহ। এছাড়া রাজশাহী-পাবনা রুটের ঢালারচর এক্সপ্রেসও স্টেশনে দাঁড়িয়ে আছে প্রায় ৬০০ যাত্রী নিয়ে।

যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও দুর্ভোগ দেখা দিয়েছে। পদ্মা এক্সপ্রেসের যাত্রী সফিকুল ইসলাম বলেন, “বিকেল থেকে ট্রেনে বসে আছি। কেন ট্রেন ছাড়ছে না, কেউ জানায়নি। পরে শুনলাম রাবির শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।” আরেক যাত্রী শ্যামলী ইসলাম জানান, “সবকিছু আলোচনার মাধ্যমে হওয়া উচিত। কিন্তু রাস্তায় নেমে আন্দোলনের কারণে হাজারো মানুষ অযথা ভোগান্তিতে পড়ছে।”

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল জানান, চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে, তবে কোনো যাত্রা বাতিল করা হয়নি। পরিস্থিতি শান্ত হলে ট্রেনগুলো চলাচল শুরু হবে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ