ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি রাজনৈতিক ও অনলাইন এক্টিভিস্ট নাহিদ এম হেলাল, যিনি অনলাইনে নাহিদ রেইন্স নামে পরিচিত, তাঁর ওপর সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পুলিশ হামলাকারীদের আক্রমণ করার আগেই ছত্রভঙ্গ করে দেয়। হামলাকারীদের বেশির ভাগই ফ্রান্সে অবৈধভাবে বসবাস করে আসছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পুলিশ দল হন্যে হয়ে তাদের সন্ধান করছে।
ঘটনার বিস্তারিত নাহিদ রেইন্স নিজেই একটি ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন। তিনি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় বাসার কাছে বাজার করতে বের হলে ৩–৪ জনের একটি দল তার ওপর হামলার চেষ্টা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে প্রথমে হুমকি দেয়—“আজ আমরা আপনাকে পিটাবো, মেরে ফেলবো।” জবাবে নাহিদ সামনে এগিয়ে গিয়ে বলেন, “দেখি মারো। এত কথা কেন?”
নাহিদ জানান, তিনি পকেট থেকে মোবাইল বের করে পুলিশে ফোন করার প্রস্তুতি নিতেই হামলাকারীরা আতঙ্কে পালিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ফরাসি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। নাহিদের গাড়ির ড্যাশক্যামের ভিডিও ও প্রত্যক্ষদর্শীর ধারণ করা ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পরে থানায় গিয়ে নাহিদ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তিনি আরও জানান, কিছুদিন ধরে তাকে নিয়ে বিভিন্ন মহল থেকে হুমকি আসছিল, যার উৎস প্যারিস বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে এবং হামলাকারীদের ধরতে জোর অভিযান শুরু করেছে।
ঘটনার পর এলাকায় কিছু রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিও উপস্থিত হয়েছিলেন বলে জানান নাহিদ। তিনি বলেন, হামলাকারীদের পরিচয় ও পূর্ণ তথ্য তিনি সংগ্রহ করেছেন এবং আইনগত প্রক্রিয়া শেষ হলে তা প্রকাশ করবেন।
নাহিদ রেইন্স বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন,
“যে সংগঠনের নামেই এই হামলা হোক, শেষ পর্যন্ত তাদের জন্য এটি বড় ধরনের লজ্জাজনক পরিণতি বয়ে আনবে।”
