প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতনগ্রেড দশম করার দাবিতে চলমান আন্দোলনে আহত হওয়া শিক্ষিকা ফাতেমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চাঁদপুরের মতলব উত্তরের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার সকালে রাজধানীর মিরপুরের আলোক হাসপাতালের আইসিউতে তার মৃত্যু হয়। আন্দোলনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। ফাতেমা আক্তারের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের ঠাকুরচরে। তিনি ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন।
ফাতেমার স্বামী ডি. এম. সোলেমান জানান, ৮ নভেম্বর দশম গ্রেডের সমাবেশে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা চলছিল। রবিবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।
শিক্ষক নেতারা জানান, আন্দোলনের শুরু থেকেই ফাতেমা সক্রিয়ভাবে ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
ন্যাশনিক্স/এজে
