ঢাকা লকডাউন কর্মসূচিতে দূরপাল্লার বাসে যাত্রীসংকট

অবশ্যই পরুন

ঢাকা লকডাউন কর্মসূচির প্রভাব রাজধানী ছাড়ার দূরপাল্লার বাস চলাচলে স্পষ্টভাবে পড়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, পুরো এলাকা প্রায় ফাঁকা, আর যাত্রীসংখ্যাও স্বাভাবিকের তুলনায় অনেক কম।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রী না থাকায় অনেক বাস নির্ধারিত সময়ে ছাড়তে পারছে না। বেশ কিছু কোম্পানি ট্রিপ সংখ্যা কমিয়ে সীমিত আকারে বাস পরিচালনা করছে।

গোল্ডেন লাইনের কাউন্টারম্যান আলী আজগর বলেন, সকালে ৮টার মধ্যে সাধারণত পাঁচটি বাস ছাড়ে, কিন্তু আজ মাত্র দুটি বাসেই যাত্রী পাওয়া গেছে—দুটিই ফরিদপুর রুটের। বরিশাল ও সাতক্ষীরা রুটে কোনো যাত্রী পাওয়া যায়নি। গতকাল বিকাল থেকেই যাত্রী কমে গেছে।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার কর্মকর্তারা জানান, আগের রাত থেকেই যাত্রী কম। যাত্রী সংকটের কারণে ভোরের একটি বাস বন্ধ রাখা হয়েছে।

সোহাগ পরিবহনের দায়িত্বপ্রাপ্ত সজিব বলেন, যশোরগামী সকাল সাড়ে ৯টার বাসটিও আজ বন্ধ রাখতে হয়েছে। সকালের দুটি বাস ছাড়া হলেও তাতে মাত্র চার–পাঁচজন যাত্রী ছিল।

রংপুরগামী যাত্রী সুলায়মান হোসেন জানান, যাত্রী কম থাকায় সকালবেলার বাস ছাড়েনি। তাকে দুই ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করতে হয়েছে। ৯টার বাস সময়মতো ছাড়বে কি না, তাতেও অনিশ্চয়তা রয়েছে।

ভেড়ামারার যাত্রী আব্দুল হান্নান বলেন, ৮টায় বাস ছাড়ার কথা থাকলেও তা আসেনি। যাত্রী কম হওয়াই এর কারণ বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে অনেকেই ভ্রমণে অনীহা দেখাচ্ছেন, ফলে যাত্রী কমে গেছে। জরুরি প্রয়োজনেই তাকে ফিরতে হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ