বরগুনা সার্কিট হাউস মাঠের উত্তর-পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের একটি ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনার একটি ১১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি হাতে থাকা দাহ্য কোনো বস্তুতে আগুন লাগিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করেন। এরপর দ্রুত সঙ্গীর সঙ্গে সরে যান। ভিডিওতে আরও শোনা যায়, একটি কণ্ঠ বলছে “দে”, পরে আরেকজন আগুন নিক্ষেপ করে “চল চল” বলে ঘটনাস্থল ত্যাগ করে।
ছড়িয়ে পড়া ভিডিওটি শেয়ার করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার পোস্টে জানান, বরগুনা সার্কিট হাউসের সামনে থাকা ‘জুলাই স্মারক’-এ আগুন দেওয়া হয়েছে বলে তার দাবি।
এদিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, তারা বিষয়টি নিয়ে খবর পেয়েছেন; তবে ঘটনাস্থলে গিয়ে অগ্নিসংযোগের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটি স্থানীয়ভাবে নাকি অন্য কোথাও ধারণ করা ভিডিও তা নিশ্চিত করা যায়নি বলে জানান তিনি। পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলেও তিনি উল্লেখ করেন।
ন্যাশনিক্স/এজে
