আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে ঢাকাজুড়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎ করেই বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (AIUB), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) এবং আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ক্লাস স্থগিত করেছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, গত দুই দিন ধরে ঢাকার পরিবেশ ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে, এবং অনেক এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের একাংশ মনে করছেন, “১৩ তারিখকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। তাই অনেকে ইতিমধ্যেই ঢাকার বাইরে চলে যাচ্ছেন।”
অন্যদিকে, সাধারণ নাগরিকরা বলছেন, “যেভাবে হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, তাতে মনে হচ্ছে রাজধানী আবারও এক অনিশ্চিত সময়ের দিকে যাচ্ছে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের ঘোষিত এই কর্মসূচি ঘিরে যে সতর্কতা নেওয়া হয়েছে, তা শুধু রাজনৈতিক মাঠেই নয়,প্রভাব ফেলছে শিক্ষাঙ্গন ও জনজীবনেও।
১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে ঢাকা এখন এক ধরনের লকডাউন পরিস্থিতিতে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যানবাহন কমে যাওয়া এবং সাধারণ মানুষের আতঙ্ক,সব মিলিয়ে রাজধানী যেন অপেক্ষায় রয়েছে এক অজানা দিনের।
