আজ সন্ধ্যায় সিলেট নগরীতে ইউনুস সরকারের বিরুদ্ধে মশাল মিছিল করেছে সিলেট মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মিছিলটি সম্পন্ন হয়।
নেতাকর্মীরা জানান, আগামী ১৩ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করা, ‘অবৈধ ট্রাইব্যুনাল বাতিল’ এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভের নির্দেশে মিছিলটি বের করা হয় বলেও জানান তারা।
মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসা, গুম-খুন ও নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দমন করছে। তাদের দাবি, ফেব্রুয়ারিতে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রেখে ‘অগণতান্ত্রিক নির্বাচন’ আয়োজনের ষড়যন্ত্র করা হচ্ছে।
মিছিল শেষে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
ন্যাশনিক্স/একেএ
