বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর সতর্কতা জানিয়েছে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক ঘোষণায় বলা হয়, যে সকল সেনা–পুলিশ সদস্য বা গোয়েন্দা কর্মকর্তা শান্তিপূর্ণ মিছিলে বাধা দেবেন, তাদের নাম-পরিচয়সহ একটি তালিকা জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দপ্তরে পাঠানো হবে।
ঘোষণায় বলা হয়, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা বা প্রতিশোধের রাজনীতিতে আগ্রহী নয়। তবে অহেতুক বাধা, গ্রেপ্তার ও হয়রানির চেষ্টা দলকে কঠোর অবস্থান নিতে বাধ্য করবে।
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দলটির নেতারা অভিযোগ করেছেন ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর সারা দেশে আওয়ামী লীগের বহু নেতা-কর্মী গ্রেপ্তার, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় ১৩ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে ফের ধরপাকড় শুরু হয়েছে।
আওয়ামী লীগ মনে করছে, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক অধিকার চর্চা করার সুযোগ প্রতিটি দলেরই রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানানো হলে আশার আলো দেখা যেতে পারে বলেও মন্তব্য করেন নেতারা।
স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ, দমন-পীড়ন ও রাজনৈতিক অধিকার হরণের প্রতিবাদেই লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা আশা করছেন পুলিশ প্রশাসন বাধা না দিলে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।
ন্যাশনিক্স/একেও
