জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে, যার একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন, এখন অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হচ্ছে।
এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, “কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমাদের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছেন।”
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, বা বাসটিতে যাত্রী ছিল কি না—তা এখনো নিশ্চিত নয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বাসের পাশ দিয়ে কয়েকজন তরুণ হাঁটছিলেন, কিছুক্ষণ পরই হঠাৎ আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা যাচাই করছে পুলিশ।
