বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নভেম্বরে দেশে ফিরছেন না বলে জানা গেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গত অক্টোবরের শেষের দিকে জানিয়েছিলেন, তারেক রহমান নভেম্বর মাসেই দেশে ফিরবেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তার প্রত্যাবর্তন এখন ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যে তারেক রহমান ঢাকায় ফিরবেন। তিনি শনিবার (৮ নভেম্বর) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এ তথ্য দেন।
তার বক্তব্যে তিনি বলেন, “ডিসেম্বরে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা পরিষ্কার হবে, তখনই তারেক রহমানের ফেরার উপযুক্ত সময় বলে আমরা মনে করছি। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা সহযোগিতা পাবো বলে আশা রাখছি।”
২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বিএনপি নেতা তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরতে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফিরে তিনি গুলশানের ১৯৬ নম্বরের বাসায় অবস্থান করবেন। ইতিমধ্যে সেখানে চলছে সংস্কার ও নিরাপত্তা জোরদার করার কাজ।
এছাড়া গুলশান-২ এর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও চলছে সংস্কার ও নতুন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি।
দলীয় সূত্র আরও জানায়, খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়াও প্রায় সম্পন্নের পথে।
প্রথমে ওমরাহ পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরব যাওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর এই ধর্মীয় দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তার নিরাপত্তা উপদেষ্টা।
