ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন তারেক রহমান

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। তিনি সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই ১৭ বছর পর দেশে ফিরবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ প্রবাস জীবনের পর ঢাকায় ফিরে তিনি থাকবেন মায়ের বাড়ির পাশের ১৯৬ নম্বর গুলশান এভিনিউয়ের বাড়িতে। ইতোমধ্যে বাড়িটির ভেতরে সংস্কার কাজ চলছে, বাইরের দেয়ালে নতুন রঙ করা হয়েছে। বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অন্যদিকে, দেশে ফিরে তিনি যেখান থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন, সেই গুলশান ২ এর ৮৬ নম্বর রোডের চেয়ারপারসনের কার্যালয়েও পুরোদমে সংস্কার কাজ চলছে। কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও আগের চেয়ে বাড়ানো হয়েছে।

ফজলে এলাহী আকবর বলেন, “তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স তার নিরাপত্তায় সহযোগিতা করবে।”

তিনি আরও জানান, এর আগে নভেম্বর মাসে ওমরাহ পালনে সৌদি যাওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্বাচনের পর ওমরাহ পালনের পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে। পাশাপাশি অস্ত্রের লাইসেন্স ইস্যুর প্রক্রিয়াও প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন বিএনপি সূত্র।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৭ বছর পর তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ